২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৮৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭২৫ জন।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন খুলনা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।



