চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
চিকিৎসার জন্য বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন বাংলাদেশি চিকিৎসার প্রয়োজনে বিদেশে সর্বোচ্চ ৩০ হাজার ডলার খরচ করতে পারবেন।
সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে চিকিৎসার জন্য বিদেশে জনপ্রতি ডলার খরচের সীমা ছিল ১৫ হাজার ডলার। এর বেশি বৈদেশিক মুদ্রা নিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে।
এদিকে একই সার্কুলারে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে এডি ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচ পাঠাতেও কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না।
সার্কুলার অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, আরএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত প্রচলিত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।



