স্মার্টফোনে কুইজ খেলেই ওমরাহ জয়ের সুযোগ দিচ্ছে সৌদি আরব

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিতে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা স্মার্টফোনে কুইজে অংশ নিয়ে এ প্রতিযোগিতায় পুরস্কার জেতার সুযোগ পাবেন। প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রতিযোগিতার আয়োজক নুসুকের তথ্য অনুযায়ী, এতে পুরস্কার হিসেবে ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি দেওয়ার কথা রয়েছে। ওমরাহ প্যাকেজের আওতায় নির্বাচিত বিজয়ী ও তাঁর একজন সঙ্গীর জন্য যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসনের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে জমজমের পানি দেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন করে। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দিতে পারবেন।

যেভাবে অংশ নেবেন

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের নুসুক অ্যাপ নামিয়ে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপে প্রবেশ করতে হবে। মূল মেনুতে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন খুঁজে নিতে হবে।

সেখানে বিভিন্ন বিষয়ের ওপর কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকবে। প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি দিয়ে পছন্দের একটি দরজা খুললে একটি প্রশ্ন দেখা যাবে। সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজয়ী নির্বাচন যেভাবে

প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে না। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই অংশ নেওয়ার আগে নুসুক অ্যাপে দেওয়া প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।

ব্যক্তিগত তথ্য ও পাসপোর্টের বিবরণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নুসুকের আনুষ্ঠানিক অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো লিংকে এসব তথ্য দেওয়া উচিত নয়। বিশেষ করে বাংলাদেশি নাগরিকেরা অংশ নিতে পারবেন কি না, তা অ্যাপের শর্তাবলি থেকে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।