সীমান্তে ভারতের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১০টি পৃথক অবৈধ ‘পুশইন’ প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা এবং বিজিবির প্রতিরোধমূলক ব্যবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়:

প্রিজন ভ্যানে করে পুশইনের চেষ্টা

ঝিনাইদহের মহেশপুরের সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে প্রায় ৩০-৩৫ জন ব্যক্তিকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি টহলদল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়। এছাড়া একই ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) যাদবপুর সীমান্ত এলাকায় ৪-৫ জন ব্যক্তি অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

যশোর ও জয়পুরহাট সীমান্ত

যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় (২১ বিজিবি) কয়েকজন নারী-পুরুষকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা যায়। বিজিবির প্রতিরোধমূলক তৎপরতার মুখে বিএসএফ তাদের সেখান থেকে সরিয়ে নেয়। অন্যদিকে, জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে প্রায় ১০ জন ব্যক্তিকে একত্রিত করে পুশইনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক সতর্কতামূলক প্রস্তুতি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ফলে সেই অপচেষ্টাও ব্যর্থ হয়।

হোল্ডিং সেন্টারে পুশইনের প্রস্তুতি ও নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি): সীমান্তের বিপরীতে বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী ৩টি হোল্ডিং সেন্টারে এসআইআর তালিকা থেকে বাদ পড়া ৪ জন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে রাখা হয়েছে বলে তথ্য মিলেছে। সেখানে বিজিবি কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

মহানন্দা (৫৯ বিজিবি): চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার চন্দনপার্ক নামক স্থানে ভারতীয় পুলিশের একটি হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে পুশইনের লক্ষ্যে বিএসএফের কাছে হস্তান্তরের তথ্য পাওয়া গেছে। সেখানেও বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

নেত্রকোনা (৩১ বিজিবি): কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৫-২০ জন ব্যক্তিকে পুশইনের উদ্দেশ্যে একত্রিত করে রাখা হয়েছে। সীমান্তের ওই অংশে কাঁটাতারের বেড়া না থাকায় বিজিবি সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আটক ও পুশব্যাক

পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে বিএসএফ কর্তৃক ১ জন ব্যক্তিকে পুশইন করা হলে স্থানীয় জনগণ তাকে আটক করে বিজিবিকে জানায়। পরবর্তীতে বিজিবি তাকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। একইভাবে সিলেটের উৎমাছড়া সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের হাতে আটক সন্দেহভাজন ২ ব্যক্তিকে যাচাই-বাছাই শেষে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে ভারতে পুশব্যাক করা হয়েছে।

এছাড়া, ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের বিপরীতে বিএসএফ ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রাখলেও এখন পর্যন্ত বিজিবির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি।

বিজিবি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।