শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
আগামী ২ আগস্ট ২০২৭ পৃথিবীর মানুষ সাক্ষী হতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনার। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সেদিন ঘটবে ২১ শতকের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেখানে চাঁদ টানা প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড সূর্যকে সম্পূর্ণভাবে আড়াল করে রাখবে।
এই বিরল ঘটনার খবর প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী, গবেষক এবং আকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে গ্রহণ পর্যবেক্ষণকে কেন্দ্র করে নানা পরিকল্পনা ও প্রস্তুতিও শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, গ্রহণটির দীর্ঘ স্থায়িত্বের পেছনে রয়েছে এক অনন্য মহাজাগতিক অবস্থান। ওই সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকায় আকাশে তাকে বড় দেখাবে। অন্যদিকে পৃথিবী সূর্য থেকে অপেক্ষাকৃত দূরে থাকায় সূর্যের দৃশ্যমান আকার কিছুটা ছোট হবে। এই দুই প্রভাব একত্রে পূর্ণগ্রাসের সময়কে দীর্ঘায়িত করবে।
গ্রহণের কেন্দ্রীয় পথ আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করবে। স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণ পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে মিসর। বিশেষ করে লুক্সর ও নিউ ভ্যালি অঞ্চলে পূর্ণগ্রাসের দীর্ঘতম সময় উপভোগ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ণগ্রাস চলাকালে দিনের আকাশ হঠাৎ গোধূলির মতো অন্ধকার হয়ে যেতে পারে। তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমে আসবে এবং সাধারণত অদৃশ্য থাকা কিছু উজ্জ্বল গ্রহ ও নক্ষত্রও চোখে পড়তে পারে। এ সময় সূর্যের করোনা, বেইলির বিডস এবং ডায়মন্ড রিংয়ের মতো বিরল দৃশ্য পর্যবেক্ষণের সুযোগ মিলবে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পূর্ণগ্রাসের নির্দিষ্ট সময় ছাড়া সূর্যের দিকে খালি চোখে তাকানো বিপজ্জনক। তাই গ্রহণের অন্যান্য পর্যায়ে অনুমোদিত সোলার ফিল্টার বা বিশেষ গ্রহণ-চশমা ব্যবহার করা জরুরি।
বিজ্ঞানীদের ধারণা, বিশ্বের প্রায় ৪০০ কোটির বেশি মানুষ এই গ্রহণ আংশিক বা পূর্ণ আকারে দেখার সুযোগ পাবেন। ফলে এটি ২১ শতকের অন্যতম আলোচিত ও বহুল প্রতীক্ষিত মহাজাগতিক ঘটনায় পরিণত হতে যাচ্ছে।



