এসএসসির ফল নিয়ে শিক্ষামন্ত্রী

‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা যতটুকু লিখেছে, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না।’ শিক্ষার্থীরা পরীক্ষায় যে নম্বর পেয়েছে, তার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থীর ভালো করার সক্ষমতা থাকলেও পরীক্ষার সময় তারা প্রত্যাশিত ফল করতে পারে না। তবে এবার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগে আইন অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণের ব্যবস্থা ছিল না। এখন আইন সংশোধন করা হয়েছে। ফলে যেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষণ করা হবে। কোথাও কোনো ভুল বা ত্রুটি পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসিতে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি

আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে পরীক্ষার সময় আরও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হবে ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবা-এর মাধ্যমে। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।