এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
আজ সোমবার, ১০ আগস্ট সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় ফরম পূরণ করেছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
এবার এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
শিক্ষার্থীরা অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।



