নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার, মত আইন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। নির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন—এ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে স্পিকারের দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত স্পিকারই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

আইন মন্ত্রণালয়ের মত অনুযায়ী, নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াতে ভারপ্রাপ্ত স্পিকারের কোনো সাংবিধানিক বাধা নেই।

মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার যেহেতু সংবিধান অনুযায়ী স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্বও তাঁর ওপর বর্তায় বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমদের মধ্যে ভোট হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনের পর আগামীকাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।