তেহরানে কারাগারে বন্দি ট্রাম্প, লেখা ‘এই দৃশ্য না দেখা অপরাধ’
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
ইরানের রাজধানী তেহরানের তাজরিশ স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে বন্দি অবস্থায় দেখিয়ে একটি ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। বিলবোর্ডের মতো দেখতে এই স্থাপনায় ট্রাম্পের আদলে একজন অভিনেতাকে কৃত্রিম কারাগারের ভেতরে হাঁটতে ও বসতে দেখা যায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে তেহরানের উত্তরের ব্যস্ত সড়কের পাশে শিল্পকর্মটি স্থাপন করা হয়।
শিল্পকর্মটিতে লেখা রয়েছে, ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ।’ এর পাশে থাকা অন্যান্য বার্তায় দক্ষিণ ইরানের সিরকি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সেপ্টেম্বরের শুরুতে ওই হামলায় দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত হন। এ ছাড়া আহত হন ৬০ জনেরও বেশি মানুষ।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পকে কারাগারে বন্দি হিসেবে উপস্থাপন করে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিল্পকর্মটির মাধ্যমে রাজনৈতিক বার্তার পাশাপাশি সাম্প্রতিক হামলার ঘটনাটিও জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।



