আবারও সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, গলফ কোর্সের প্রশ্নে উত্তেজনা

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তাঁকে ‘চুপ’ থাকতে বলেন ট্রাম্প। একপর্যায়ে সাংবাদিক অসুস্থ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনাটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ট্রাম্পের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক নিয়ে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গ ওয়াশিংটনের ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন এবং সেখানে নতুন গলফ কোর্স নির্মাণ নিয়ে প্রশ্ন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রশ্ন শুরুতেই থামিয়ে দিলেন ট্রাম্প

গলফ কোর্স নিয়ে প্রশ্ন করতে গিয়ে ফেইনবার্গ বলেন, ‘গলফ কোর্স নিয়ে, আপনার তো অনেক গলফ কোর্স।’

এ সময় তাঁকে থামিয়ে ট্রাম্প বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন।’ সাংবাদিক আবার কথা বলতে গেলে ট্রাম্প তাঁকে ‘চুপ, চুপ’ বলে থামিয়ে দেন।

এরপর সাংবাদিকের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’

জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমার জানা নেই, স্যার।’

ঘটনার পর ফার্স্টপোস্ট-এর এক প্রতিবেদনে ফেইনবার্গ জানান, সম্প্রতি তাঁর নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। নিজের কাজের দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে তিনি বলেন, পরদিনও তিনি কাজে ফিরবেন।

সাংবাদিককে ‘নির্বোধ’ বললেন ভ্যান্স

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প ও ফেইনবার্গের কথোপকথনের ভিডিও প্রকাশ করে তিনি সাংবাদিককে ‘নির্বোধ সাংবাদিক’ বলে আখ্যা দেন।

ভ্যান্সের মন্তব্য, ওভাল অফিসে আচরণের জন্য ট্রাম্প ওই সাংবাদিককে কঠোরভাবে ভর্ৎসনা করেছেন।

এর জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমাকে অপমান করতে চাইলে অন্তত আমার অ্যাকাউন্ট ট্যাগ করার সাহস রাখুন।’

ঘটনাটি নিয়ে ট্রাম্প প্রশাসনের সমর্থক ও সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রশ্ন করার সময় সাংবাদিকের আচরণ নিয়ে ভ্যান্সের মন্তব্যের পাশাপাশি প্রেসিডেন্টের প্রতিক্রিয়াও নতুন করে নজরে এসেছে।

সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ নতুন নয়

সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধ দীর্ঘদিনের। তাঁর দুই মেয়াদেই বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেছে তাঁকে।

গত বছরের নভেম্বরে এয়ার ফোর্স ওয়ানে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ‘চুপ করো, শূকরছানা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

সর্বশেষ ঘটনাটিও সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর টানাপোড়েনের ধারাবাহিকতা হিসেবে আলোচনায় এসেছে। বিশেষ করে সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন করার সময় একজন সাংবাদিককে থামিয়ে দেওয়া এবং তাঁর স্বাস্থ্য নিয়ে মন্তব্য করার ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ তৈরি করেছে।