টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে ২০০ ফ্লাইট বাতিল

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ তাইওয়ানের কাছাকাছি চলে আসায় ব্যাপক সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের চলমান যৌথ সামরিক মহড়ার সময়সূচিও পরিবর্তন করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শক্তিশালী ঝড়গুলোর একটি চাম্পি সুপার টাইফুনে পরিণত হলেও বর্তমানে কিছুটা দুর্বল হয়েছে। তবে ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটার।

উপকূলীয় এলাকায় সতর্কতা

তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করা টাইফুনটি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল অতিক্রম করে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝড়টির বিস্তৃতি বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে। এতে তাইওয়ানের অধিকাংশ এলাকা ঝড়ের প্রভাবের আওতায় এসেছে। উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ এবং পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাতিল ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে জাপানের বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে তাইওয়ানে এখন পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-জাপান সামরিক মহড়ায় পরিবর্তন

টাইফুনের প্রভাবে তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপগুলোতেও দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। জাপানের ইয়োনাগুনি দ্বীপে ঝড়টির প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রায় ৫৬ হাজার সেনার অংশগ্রহণে তাইওয়ানসংলগ্ন জাপানি দ্বীপগুলোতে চলছে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’। ঝড়ের পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন মহড়ার কার্যক্রম ও সময়সূচি সমন্বয় করা হচ্ছে।

টাইফুনটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে তাইওয়ান ও জাপানের সংশ্লিষ্ট এলাকায় আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।