ক্যান্সারের ১৩৭ ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমাচ্ছে ভারত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬
ক্যান্সারের চিকিৎসা আরও সাশ্রয়ী করতে ১৩৭টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
শনিবার ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ওষুধগুলোর সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ৩০ শতাংশের বেশি মুনাফা রাখতে পারবেন না ব্যবসায়ীরা।
তালিকায় ইমিউনোথেরাপিসহ বিভিন্ন ওষুধ
দাম কমানোর তালিকায় রয়েছে ২০টির বেশি ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এ ছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও রয়েছে।
ভারত সরকারের এ সিদ্ধান্তের লক্ষ্য ক্যান্সারের চিকিৎসার ব্যয় কমানো এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ আরও সহজলভ্য করা।
আগেও ওষুধের দাম কমিয়েছিল ভারত
এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যান্সারের ওষুধের দাম নিয়ন্ত্রণে এনেছিল ভারত সরকার। ওই উদ্যোগে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগের উদ্যোগের ধারাবাহিকতায় এবার আরও বেশি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। নতুন সিদ্ধান্তের ফলে ক্যান্সারের চিকিৎসায় রোগীদের ওষুধ কেনার ব্যয় কমতে পারে।



