সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্র ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (২১ অক্টোবর) হামলাগুলো ঘটে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরে হতাহতের তথ্য জানায়। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলে চারটি ড্রোন আটক করে ধ্বংস করা হয়েছে।
শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। বুধবার সকালে ড্রোনটি প্রতিহত করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানানো হয়, ড্রোনটি ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নিহত হন। তাঁরা ফিলিপাইন ও নেপালের নাগরিক। এ ঘটনায় পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক আহত হয়েছেন।
ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহত ভারতীয় নাগরিকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ২
দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আরও দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন ভারতীয় নাগরিক, অন্যজন সৌদি আরবের নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।
বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটি লক্ষ্য করে হামলা চালানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরব, নেপাল, ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। তাঁদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তবে হামলার পর বিমানবন্দরটিতে আবারও কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ
ইয়েমেনে হুতি গোষ্ঠীর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি মাসে দেশটিতে একাধিক হামলার অভিযোগ উঠেছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলার কথাও উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে। দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটিতে উত্তেজনা বেড়েছে। এর প্রভাব সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতেও পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



