সাবেক প্রসিকিউটর সাইমুমের ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর স্ত্রীর কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অডিও রেকর্ডের সত্যতা যাচাই করে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে সাইমুম রেজা তালুকদার তার স্ত্রীর কাছে এক কোটি টাকা দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সেই কথোপকথনের অডিও ফাঁস হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অডিও রেকর্ডের কণ্ঠস্বর সাইমুম রেজার বলে নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে তাঁদের মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
গত ৯ মার্চ একটি বেসরকারি টেলিভিশনে ফাঁস হওয়া ওই অডিওতে শোনা যায়, মামলা থেকে অব্যাহতির নিশ্চয়তা হিসেবে বিএনপির একজন সংসদ সদস্য ও একজন প্রতিমন্ত্রীকে দিয়ে তদবির করানোর পরামর্শ দিচ্ছেন সাইমুম রেজা। এমনকি বর্তমান চিফ প্রসিকিউটরকে ‘রিজনেবল’ হিসেবে উল্লেখ করে রাজনৈতিক সুপারিশের মাধ্যমে তাঁর সমর্থন আদায়ের কৌশলও বাতলে দেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর সাইমুম রেজাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই পূর্ণাঙ্গ প্রতিবেদন আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত গণহত্যার মামলায় গত ১৬ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযুক্ত সাইমুম রেজা তালুকদার অবশ্য তাঁর ফেসবুক পোস্টে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং অডিওটি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছেন। তবে প্রসিকিউশনের তদন্তে তাঁর এই দাবি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।



