ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে ফের হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের সামগ্রিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পুনরায় রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে গত রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন। সোমবার (৪ মে) আইনজীবী নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এবারের রিটে ইউনূস সরকারের আমলে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, গঠিত সংস্কার কমিশন এবং দেশি-বিদেশি বিভিন্ন চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি এসব কর্মকাণ্ড অনুসন্ধানে একটি কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে এবং সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছিল, যার আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্সের প্রেক্ষিতে সরকারকে বৈধতা দিয়েছিল। সেই আইনি ভিত্তি থাকার পরও সরকারের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হলেন এই আইনজীবী। এ বিষয়ে আজ দুপুরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।



