ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

রিটের পটভূমি ও শুনানি

এর আগে গত রবিবার (১৭ মে) দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে এবং অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছিল। ওইদিনই শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবীদের বক্তব্য

রিটকারী পক্ষে শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন:

“আমরা অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে এই রিটটি করেছিলাম। আমাদের দাবি ছিল, এই সময়ে দেশের সর্বক্ষেত্রে— বিশেষ করে অর্থনীতি ও স্বাস্থ্য খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে কেউ এভাবে উৎখাত (ওভারথ্রো) করতে না পারে।”

অন্যতম রিটকারী আইনজীবী মহসিন রশীদ জানান, তারা এই ১৮ মাসে যা কিছু ঘটেছে তার সুষ্ঠু তদন্ত চেয়েছিলেন এবং তদন্তের প্রক্রিয়াটি সরকার নির্ধারণ করবে বলে আশা করেছিলেন। গত শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা নেওয়ার জন্য সময় চেয়েছিলেন, তবে আজ বিস্তারিত শুনানি শেষে আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন।