‘দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচার মোকাবিলা করতে চান বলে দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। দলটির নেতাদের ভাষ্য, তিনি দ্রুত দেশে ফেরার বিষয়ে আগ্রহী এবং এ নিয়ে সাংগঠনিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব বাংলাদেশ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “শেখ হাসিনা দ্রুত দেশে ফিরতে চান। সে জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া নেওয়া হচ্ছে। তিনি যেভাবে ভারতে গিয়েছেন, সেভাবেই দেশে ফিরবেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা সহজ নয় এবং এ ধরনের বক্তব্য মূলত নেতাকর্মীদের সক্রিয় রাখার প্রচেষ্টা।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত চলে যান। পরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, গুম ও দুর্নীতিসহ একাধিক মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি দলের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি তিনি প্রয়োজনে “ফাঁসির মঞ্চেও যেতে প্রস্তুত” বলেও মন্তব্য করেছেন বলে দাবি করা হয়।

এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনগত প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চায় এবং এ বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

তবে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, “শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন বিশ্বাসযোগ্য কোনো উপাদান এখনো দেখা যাচ্ছে না। তবে তাকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা সরকারের দায়িত্ব।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে প্রথমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আত্মসমর্পণ করতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ, গুম-খুন ও দুর্নীতির মামলাগুলোও মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, “তিনি দেশে এসে বিচার মোকাবিলা করতে চাইলে সেটি ইতিবাচক। তবে এটি বাস্তবে কতটা সম্ভব, সেটি সময়ই বলে দেবে।”

সূত্র: টাইমস অব বাংলাদেশ