কম টাকায় বিশ্বভ্রমণ: বুদ্ধিমান পর্যটকের গোপন কৌশল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

মানসিক শান্তির অন্যতম সেরা উপায় হলো ভ্রমণ। তবে অনেকেরই সাধ থাকলেও সাধ্যের অভাবে ঘরের কোণেই বন্দী থাকতে হয়। অনেকে ভাবেন, লটারি না জিতলে হয়তো পুরো পৃথিবী ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বভ্রমণের জন্য লটারির টিকিটের চেয়ে বেশি প্রয়োজন সঠিক কৌশল ও বুদ্ধিমত্তা। যাতায়াত, থাকা এবং খাওয়া—ভ্রমণের এই মূল তিনটি খাতের খরচ কীভাবে বুদ্ধি খাটিয়ে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, তার কিছু গোপন কৌশল প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যম মিডিয়াম ও শোবিজ ডেইলি।

১. যাতায়াত খরচ কমানোর স্মার্ট ট্রিকস

ভ্রমণের বাজেটের একটা বড় অংশ চলে যায় যাতায়াতে। কিছু সহজ কৌশলে এটি অনেকখানি কমিয়ে আনা সম্ভব:

ইনকগনিটো মোড ব্যবহার: বিমানের টিকিট বা হোটেল বুকিংয়ের জন্য সার্চ করার সময় ব্রাউজারের ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করুন। সাধারণ মোডে সার্চ করলে ট্রাভেল সাইটগুলো কুকিজের মাধ্যমে আপনার সার্চ হিস্ট্রি ট্র্যাক করে টিকিটের দাম বাড়িয়ে দেয়।

টিকিট অ্যালার্ট ও সঠিক দিন: কম দামে টিকিট দেখলেই হুট করে না কিনে স্কাই স্ক্যানার কিংবা গুগল ফ্লাইটে অ্যালার্ট সেট করে রাখুন। সাধারণত সপ্তাহের মঙ্গল ও বুধবার বিমানের টিকিটের দাম সবচেয়ে কম থাকে।

রাতের ট্রেন বা স্লিপার বাস: এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য রাতের পরিবহন বেছে নিন। এতে যাতায়াতের পাশাপাশি আপনার এক রাতের হোটেলের খরচ সম্পূর্ণ বেঁচে যাবে।

লিফট ও হাঁটার অভ্যাস: যেখানে গণপরিবহন কম, সেখানে নিরাপদ মনে হলে অন্য কোনো গাড়ি বা চলন্ত গাড়িতে লিফট চাইতে পারেন। এটি নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগও তৈরি করে। দূরপাল্লার জন্য লোকাল ট্রেন-বাস এবং স্বল্প দূরত্বের জন্য ম্যাপ হাতে নিয়ে হাঁটার অভ্যাস করুন।

ফ্রি স্টপ ওভার প্রোগ্রাম: আইসল্যান্ড এয়ার বা টার্কিশ এয়ারলাইনসের মতো কিছু বিমান সংস্থা এই সুবিধা দেয়। এর মাধ্যমে কানেকটিং ফ্লাইটের মাঝে বাড়তি কোনো বিমানভাড়া ছাড়াই ওই দেশের প্রধান শহরে ১ থেকে ৭ দিন পর্যন্ত থাকা যায়।

২. থাকার খরচ বাঁচানোর উপায়

থাকার খরচকে শূন্যে নামিয়ে আনতে বা সাশ্রয় করতে বিশ্বব্যাপী একাকী ভ্রমণকারীদের প্রথম পছন্দ কিছু জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট:

কাউচসার্ফিং (Couchsurfing): কম খরচে ভ্রমণের ধারণা বদলে দেওয়া এই অনলাইন প্ল্যাটফর্মে স্থানীয়রা পর্যটকদের বিনা মূল্যে নিজেদের বাড়ির সোফা বা বাড়তি ঘর শেয়ার করেন। এই অ্যাপের সঠিক ব্যবহারে ভ্রমণের ২৫ থেকে ৩০ শতাংশ খরচ কমতে পারে। তবে বুকিংয়ের আগে হোস্টের রিভিউ দেখে নেওয়া জরুরি।

স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ার ওয়ার্ক: দীর্ঘ মেয়াদে থাকতে চাইলে বিভিন্ন হোস্টেল, এনজিও, অর্গানিক ফার্ম কিংবা মনাস্ট্রিতে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন। বিনিময়ে তারা আপনাকে বিনা মূল্যে থাকা-খাওয়ার সুবিধা দেবে।

বুটিক হোস্টেল ও হোমস্টে: গাদাগাদি করে থাকার ধারণা ভেঙে বর্তমানে অনেক বুটিক হোস্টেলে কম খরচে দারুণ প্রাইভেট রুম ও রান্নার সুবিধা পাওয়া যায়। এ ছাড়া স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে ‘হোমস্টে’ চমৎকার অপশন।

ক্যাম্পিং: আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রিয় হন, তবে নিজের তাঁবু সঙ্গে রাখুন। সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ক্যাম্পিং করলে বিনা মূল্যে প্রকৃতির মাঝে ‘মিলিয়ন স্টার হোটেলে’ ঘুমানোর অভিজ্ঞতা পাবেন।

৩. খাবারের খরচ কমানোর কৌশল

তিন বেলা দামি রেস্তোরাঁয় খাওয়া মানেই বাজেটের বারোটা বাজা। খাবার খরচ সাশ্রয়ের উপায়:

লাঞ্চ স্পেশাল অফার: ইউরোপ বা আমেরিকার রেস্তোরাঁগুলো দুপুরে ‘মেনু অব দ্য ডে’ বা ‘লাঞ্চ স্পেশাল’ অফার করে। রাতের মেনুর একই মানের খাবার দুপুরে অর্ধেক বা এক-তৃতীয়াংশ মূল্যে পাওয়া যায়।

সুপারশপ ও পার্ক পিকনিক: স্থানীয় মুদিদোকান বা সুপারশপ থেকে পাউরুটি, চিজ, ফল ও দই কিনে পার্কের বেঞ্চে বসে পিকনিকের মতো করে খাওয়া সারতে পারেন।

নিজে রান্না করা: হোস্টেলের কিচেনে নিজে নুডলস বা হালকা কিছু রান্না করে নিলে খাবারের খরচ অনেক কমে যায়।

৪. সাইটসিয়িং বা ঘুরে দেখার টিপস

ফ্রি এন্ট্রি ডে: বিশ্বের অনেক নামী জাদুঘর বা দর্শনীয় স্থান সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেয়। ভ্রমণের আগে ইন্টারনেটে একটু খোঁজ নিলেই বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব।

ফ্রি ওয়াকিং ট্যুর: বড় শহরে গাইডসহ বাসে ঘোরার পেছনে ৫০ বা ১০০ ডলার খরচ না করে ‘ফ্রি ওয়াকিং ট্যুরে’ অংশ নিন। এতে খুব অল্প ব্যয়ে স্থানীয় গাইডদের চমৎকার সেবা পাওয়া যায়।

দক্ষতা বিনিময়: আপনি যদি ছবি তুলতে পারেন, ওয়েবসাইট ডিজাইন করতে পারেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝেন, তবে স্থানীয় কোনো হোস্টেল বা ক্যাফে মালিকের সঙ্গে কথা বলুন। তাঁদের কাজের বিনিময়ে আপনার থাকার খরচ অনায়াসে মিলে যেতে পারে।

মনে রাখবেন: টাকা বাঁচানো জরুরি, কিন্তু তা যেন আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে মাটি না করে। কিছু অভিজ্ঞতা অর্থমূল্যের চেয়ে অনেক বড়। নিজের বাজেট ঠিক রেখে বুদ্ধিমত্তার সঙ্গে ঘুরে বেড়ান। কারণ, জীবনের যেকোনো সময় টাকা আয় করা গেলেও সময় আর ফিরে আসবে না।

সূত্র: মিডিয়াম, শোবিজ ডেইলি/আজকের পত্রিকা