সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, যাচাই শেষে সিদ্ধান্ত নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া অভিযোগ যাচাই-বাছাই করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনদাবিকে গুরুত্ব দেওয়া হবে, তবে কাউকে অন্যায়ের শিকারও হতে দেওয়া হবে না।

রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার অভিযোগগুলো আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সরকার ও সরকারপ্রধানের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সাবেক রাষ্ট্রপতির বিদেশে চিকিৎসার জন্য যাত্রায় কোনো আইনি বাধা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয় হওয়ায় এ মুহূর্তে প্রকাশ্যে কিছু বলা সম্ভব নয়।

এ সময় তিনি অতীত সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।