সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, মোবাইল ফোন কেড়ে নেওয়া, হত্যার হুমকি এবং ফেসবুকে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীকেও।

আজ রবিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশের অভিযোগ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় জামিন নিতে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। এ সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁর ট্রাইপড ভেঙে ফেলেন পরীমনির নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী ও একজন বিচারপ্রার্থী আহত হন।

পরে পরীমনি রবিউলের দিকে তেড়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ‘তোকে পাড়িয়ে মেরে ফেলব’ বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পরদিন ৬ নভেম্বর পরীমনি তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে আবহসংগীত হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা হয়, যা নোটিশদাতার মতে, আইন অনুযায়ী অবমাননার শামিল।

নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে আগামী সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন নোটিশদাতা।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘শিল্পী সমিতি কী পদক্ষেপ নেয়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’