ট্রাম্পের বিস্ফোরক পোস্ট, ইরানের মানচিত্রে মার্কিন পতাকা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক উসকানিমূলক পোস্ট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়ে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ২০টিরও বেশি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। প্রকাশিত একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসিয়ে চারদিক থেকে তীরচিহ্ন দিয়ে দেশটিকে ঘিরে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানি দ্রুতগতির নৌযানে হামলা চালাতে দেখা যায়, যার ক্যাপশনে লেখা ছিল ‘বিদায় দ্রুতগতির নৌযান’। এছাড়া একটি ভিডিওতে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানি বিমান লক্ষ্য করে হামলার দৃশ্যের পাশাপাশি ট্রাম্পকে টেবিলে টোকা দিয়ে ‘ফায়ার, বুম’ বলতে শোনা যায়। অন্য ছবিগুলোতে ট্রাম্পকে মহাকাশে স্যাটেলাইটের মাঝে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করতে এবং ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বিস্ফোরণের দৃশ্যের মাঝে মহাকাশযানের বোতাম চাপতে দেখা যায়।
এই পোস্টগুলোর আগে ইরানকে দ্রুত শান্তিচুক্তির পথে আসার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের সঙ্গে সংঘাতের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালি, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়। যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দামও ঊর্ধ্বমুখী।
সংঘাতের প্রভাব ইসরায়েল ও লেবাননেও ছড়িয়ে পড়েছে এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর পৃষ্ঠপোষক তেহরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা বৃহত্তর কোনো শান্তিচুক্তিতে যাবে না। অন্যদিকে নিজের শর্তে সমঝোতা না হওয়ায় ইরানের ওপর ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট।



