মধ্যপ্রাচ্য থেকে জাপান-জার্মানি: বাংলাদেশের রেমিট্যান্স বিপ্লবের নতুন পথ
মহিবুল ইসলাম মাসুম
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
বাংলাদেশের ইতিহাসে এমন একদল যোদ্ধা আছেন, যাঁরা দেশের জন্য যুদ্ধ করেন কিন্তু তাঁদের হাতে কোনো অস্ত্র নেই। তাঁদের যুদ্ধক্ষেত্র মধ্যপ্রাচ্যের মরুভূমি, ইউরোপের রাজপথ ও অলিগলি, এশিয়ার কারখানা আর পৃথিবীর অসংখ্য কর্মক্ষেত্র। তাঁদের অস্ত্র শ্রম, তাঁদের গোলাবারুদ ঘাম, আর তাঁদের বিজয়ের পুরস্কার, দেশে পাঠানো রেমিট্যান্স। এই রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রার সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলোর একটি। একটি দেশ শুধু তার জনশক্তি রপ্তানি করে বড় হয় না, বড় হয় তখনই, যখন তার জনশক্তিকে বিদেশের বাজারে অপরিহার্য করে তুলতে পারে। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত শুধু নতুন দেশে কর্মী পাঠানো নয়; যে দেশে শ্রমিকের চাহিদা আছে, সেই দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করে সরাসরি চাকরিদাতার কাছে পৌঁছানো।
নতুন শ্রমবাজারঃ কোথায় সুযোগ বেশি?
বাংলাদেশের শ্রম অভিবাসনের ভবিষ্যৎ শুধু নতুন দেশ খুঁজে বের করার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। কোন দেশে কোন দক্ষতার কর্মীর চাহিদা আছে, সেই তথ্যের ভিত্তিতে কর্মী তৈরি করাই হওয়া উচিত মূল কৌশল।
জাপানঃ সবচেয়ে সম্ভাবনাময় বিকল্প বাজারগুলোর একটি
জাপানের জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে এবং বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি রয়েছে। দেশটির নির্দিষ্ট দক্ষ কর্মী বা ‘স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার’ ব্যবস্থায় বর্তমানে একাধিক শ্রমঘাটতির খাতে বিদেশি কর্মী নেওয়া হচ্ছে। এসব ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি প্রয়োজনীয় জাপানি ভাষা দক্ষতাও গুরুত্বপূর্ণ।

জাপানের সরকারি ব্যবস্থায় এসব খাতে নির্দিষ্ট দক্ষতা পরীক্ষা ও জাপানি ভাষা পরীক্ষার প্রয়োজন হতে পারে। উদাহরণ হিসেবে, নির্মাণ খাতে নির্দিষ্ট দক্ষতা পরীক্ষার পাশাপাশি সাধারণত জাপানি ভাষার ন্যূনতম সক্ষমতা প্রয়োজন। বাংলাদেশের জন্য এখানে বড় সুযোগ হলো, আগে থেকেই জাপানি ভাষা ও নির্দিষ্ট পেশার প্রশিক্ষণ দিয়ে, এরপর চাকরিদাতার সঙ্গে কর্মীর সরাসরি মিল ঘটানো। বাংলাদেশের সরকারি নীতি যদি হয় আগামী পাঁচ বছরে বিপুল সংখ্যক কর্মী জাপানে পাঠানো, তাহলে সেই লক্ষ্যকে শুধু সংখ্যায় না রেখে কতজন দক্ষ, কতজন বৈধ চাকরিতে নিয়োজিত এবং প্রত্যেকে কত আয় করছে, এসব সূচকেও মূল্যায়ন করা উচিত।
জার্মানিঃ কম দক্ষ নয়, দক্ষতাভিত্তিক অভিবাসন
জার্মানির সরকারি তথ্যেই বলা হচ্ছে, দেশটির বিভিন্ন খাতে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যসেবা ও নার্সিং, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কারিগরি পেশা, পরিবহন, উৎপাদন ও নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ রয়েছে। জার্মানির জন্য তাই বাংলাদেশের কৌশল হওয়া উচিত, জার্মান ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ প্রদান করে সরাসরি জার্মান চাকরিদাতার কাছে দক্ষ কর্মী পৌঁছানো। শুধু একটি প্রশিক্ষণ সনদ দিয়ে হবে না। বাংলাদেশকে এমন কর্মী তৈরি করতে হবে, যিনি জার্মান কর্মক্ষেত্রে গিয়ে দ্রুত কাজ শুরু করতে পারবেন। সরকারের উচিত জার্মানির চাহিদাভিত্তিক পেশার তালিকা নিয়ে বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা এবং জার্মান নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সমঝোতা বাড়ানো।
ইতালিঃ বড় সুযোগ, কিন্তু নিয়োগকর্তাভিত্তিক কৌশল জরুরি
ইতালি ২০২৬–২০২৮ সালে বিদেশি কর্মীদের জন্য মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০টি প্রবেশের সুযোগ নির্ধারণ করেছে। এর মধ্যে ২০২৬ সালে রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি। ২০২৬ সালে অ-মৌসুমি কর্মসংস্থানের জন্য ৭৬ হাজার ২০০টি এবং মৌসুমি কাজের জন্য ৮৮ হাজারটি প্রবেশের সুযোগ রয়েছে।

কৃষি, বন ও মৎস্য, খাদ্য উৎপাদন, নির্মাণ, উৎপাদনশিল্প, পরিবহন ও গুদাম, পর্যটন ও আতিথেয়তা, স্বাস্থ্য ও সামাজিক সেবা—বিভিন্ন খাতে বিদেশি কর্মীর সুযোগ রয়েছে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতালির ব্যবস্থায় নিয়োগকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশকে শুধু “ইতালির ভিসা” প্রচারের পরিবর্তে ইতালির প্রকৃত চাকরিদাতাদের সঙ্গে সরাসরি নিয়োগব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ করে পরিচর্যা, কৃষি, নির্মাণ, পর্যটন, খাদ্যসেবা ও পরিবহন খাতে চাহিদা শনাক্ত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে নিয়োগকর্তার সাথে সমঝোতার ভিত্তিতে কাজের অনুমতির ব্যবস্থা তৈরি করা জরুরি।
দক্ষিণ কোরিয়া: স্বচ্ছ সরকারি নিয়োগের মডেল
দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান অনুমতিভিত্তিক ব্যবস্থা বাংলাদেশের জন্য ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সরকারি ব্যবস্থার মাধ্যমে ২০০৮ সাল থেকে বাংলাদেশি কর্মীরা কর্মসংস্থান অনুমতি ব্যবস্থার আওতায় দেশটিতে যাচ্ছেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে জুন ২০২৪ পর্যন্ত ৩৪ হাজারের বেশি বাংলাদেশি কর্মী এই ব্যবস্থায় দক্ষিণ কোরিয়ায় গেছেন। এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কোরিয়ান ভাষা পরীক্ষা নিয়ে কর্মী নির্বাচন করে চাকরির প্রস্তাব ও কাজের অনুমতি এবং ভিসা প্রদান করা। অর্থাৎ, কর্মীকে শুধু বিদেশে পাঠানোর চেষ্টা নয়; নিয়োগ প্রক্রিয়াটি তুলনামূলকভাবে কাঠামোবদ্ধ ও সরকারি ব্যবস্থার সাথে যুক্ত। বাংলাদেশের উচিত এই মডেলকে আরও শক্তিশালী করা এবং যেখানে সম্ভব, বেসরকারি মধ্যস্বত্বভোগীর ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে সরকার ও বিদেশি চাকরিদাতার মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে, দক্ষতা প্রশিক্ষণ মডেল সম্প্রসারণ করা।
কিন্তু আসল পরিবর্তন কোথায়?
বাংলাদেশকে এখন “শ্রমিক রপ্তানি” থেকে “দক্ষতা রপ্তানি”তে যেতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগঃ শ্রমবাজার তথ্য ও পূর্বাভাস কেন্দ্র
বাংলাদেশের উচিত একটি শক্তিশালী দেশভিত্তিক আন্তর্জাতিক শ্রমবাজার তথ্য ও পূর্বাভাস কেন্দ্র তৈরি করা। এই কেন্দ্র নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করবেঃ
· আগামী ১–৫ বছরে কোন দেশে কোন পেশার চাহিদা বাড়বে?
· কতজন নার্স, পরিচর্যাকারী, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, নির্মাণকর্মী, রাঁধুনি, কারিগরি কর্মী বা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়োজন হবে?
· কোন দেশের কোন ভাষা প্রয়োজন?
· বেতন কত?
· নিয়োগের বৈধ খরচ কত?
· কোন পেশায় বাংলাদেশি কর্মীদের সাফল্য বেশি?
· কোন নিয়োগকর্তারা সরাসরি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী?
তথ্য সংগ্রহের পরই প্রশিক্ষণ পরিকল্পনা করতে হবে। অর্থাৎ চাহিদা অনুযায়ী ভাষা ও কাজের দক্ষতার প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে, দক্ষতার সনদসহ নিয়োগকর্তার কাছে দক্ষ কর্মী উপস্থাপন করা এবং কাজের অনুমতি ও ভিসার ব্যবস্থা করা। এই পুরো শৃঙ্খলকে একটি জাতীয় ব্যবস্থায় পরিণত করতে হবে।
সবচেয়ে বড় সুযোগঃ কম সংখ্যক, কিন্তু বেশি দক্ষ কর্মী
বাংলাদেশের শ্রম অভিবাসনের সাফল্য শুধু কর্মীর সংখ্যা দিয়ে মাপা উচিত নয়।
বরং প্রশ্ন হওয়া উচিত, একজন বাংলাদেশি কর্মী বিদেশে গিয়ে বছরে কত আয় করছেন এবং দেশে কত রেমিট্যান্স পাঠাচ্ছেন? ১০ লাখ কম দক্ষ কর্মীর পরিবর্তে ৩ লাখ বেশি দক্ষ ও বেশি আয়কারী কর্মী তৈরি করা গেলে মোট রেমিট্যান্স, কর্মীর জীবনমান এবং বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজারের মর্যাদা, সবই বাড়তে পারে। এটি একটি নীতিগত লক্ষ্য হতে পারে, তবে এর সাফল্য প্রমাণ করতে সরকারকে প্রতি কর্মীর গড় আয়, রেমিট্যান্স, দক্ষতার স্তর, বিদেশ যাওয়ার খরচ এবং চাকরিতে টিকে থাকার হার নিয়মিত পরিমাপ করতে হবে। ইউরোপের শ্রমবাজারের ক্ষেত্রেও সুযোগের পাশাপাশি সতর্কতা জরুরি, বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত নিরাপদ, বৈধ ও দক্ষ শ্রম অভিবাসন।
বাংলাদেশের নতুন শ্রম অভিবাসন মডেল
বাংলাদেশের সামনে এখন স্পষ্ট পথ, “যে দেশে শূন্যপদ আছে, সেখানে কর্মী পাঠানো” নয়; বরং শূন্যপদ শনাক্ত করে প্রয়োজনীয় দক্ষতা নির্ধারণ করে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষতার সনদ প্রদান করে, নিয়োগকর্তার সাথে সরাসরি সংযোগের মাধ্যমে কাজের অনুমতি, ভিসা ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। এই পুরো ব্যবস্থা যদি সরকার, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, নিয়োগকারী প্রতিষ্ঠান, বিদেশি চাকরিদাতা এবং দূতাবাসগুলো সমন্বিতভাবে তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের শ্রম অভিবাসন একটি নতুন পর্যায়ে পৌঁছাতে পারে। কারণ আগামী দিনের প্রতিযোগিতা হবে, কোন দেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করতে পারে তা নয়, বরং কোন দেশ সবচেয়ে ভালোভাবে বিশ্বের শ্রমবাজারের চাহিদা বুঝে দক্ষ কর্মী তৈরি করতে পারে এবং সেই কর্মীকে বৈধ চাকরির সাথে যুক্ত করতে পারে তা। বাংলাদেশকে তাই এখন শুধু শ্রমিক রপ্তানিকারক দেশ নয়, বরং বিশ্বমানের দক্ষ জনশক্তি সরবরাহকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিতে হবে।
সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা


