সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় দুটি গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম এবং ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গুদাম দুটিতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম দলটি সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, গুদাম দুটি টিনশেডের তৈরি। পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

আগুনে কাগজের কার্টন, সুতা, কাপড় ও টিনশেডের তৈরি দুটি গুদাম পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।