শেংগেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেতে পারে নতুন ৫ দেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
ইউরোপের শেংগেন অঞ্চলে ভিসা ছাড়াই স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পাঁচ দেশ। দেশগুলো হলো সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার। এসব দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সম্ভাবনা যাচাইয়ে আনুষ্ঠানিক আলোচনা ও মূল্যায়ন প্রক্রিয়া শুরুর বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাউন্সিল।
তবে এই উদ্যোগের অর্থ এখনই ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া নয়। আন্তর্জাতিক ভিসাবিষয়ক সংবাদমাধ্যম ভিসানিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর নিরাপত্তা শর্ত পূরণ, সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ফলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পাঁচ দেশের নাগরিকদের আগের নিয়মেই শেংগেন ভিসা নিয়ে ইউরোপে যেতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল পাঁচ দেশের জন্য পৃথক পাঁচটি কূটনৈতিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে ৫ অক্টোবর ইইউ সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে গঠিত স্থায়ী প্রতিনিধি কমিটি (কোরেপার) প্রস্তাবিত প্রক্রিয়ার কর্মপরিকল্পনা পর্যালোচনা করে। পুরো প্রক্রিয়ায় ইইউ কাউন্সিল ও সদস্য দেশগুলোর সরাসরি সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যেসব বিষয় মূল্যায়ন করবে ইইউ
ভিসামুক্ত ভ্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। এ ক্ষেত্রে ভ্রমণ নথি ও পাসপোর্টের নিরাপত্তা, জাতীয় সীমান্ত ব্যবস্থাপনা, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং ইইউর সঙ্গে নিরাপত্তা সহযোগিতার মতো বিষয় মূল্যায়ন করা হবে।
তবে ভিসামুক্ত ভ্রমণ কবে থেকে কার্যকর হতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
আগে উদ্যোগ ছিল কুয়েত ও কাতারকে নিয়ে
উপসাগরীয় দেশগুলোর জন্য শেংগেন ভিসা ছাড়ের উদ্যোগ নতুন নয়। এর আগে ২০২২ সালের ২৭ এপ্রিল ইউরোপীয় কমিশন কুয়েত ও কাতারের নাগরিকদের স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসা অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে ৯০ দিন পর্যন্ত ভিসামুক্ত অবস্থানের সুযোগের কথা বলা হয়েছিল।
নতুন উদ্যোগের মাধ্যমে কুয়েত ও কাতারের পাশাপাশি সৌদি আরব, বাহরাইন ও ওমানকেও বৃহত্তর ভিসা অব্যাহতির কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া এগোচ্ছে।
জিসিসির ছয় সদস্যদেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা আগে থেকেই শেংগেন অঞ্চলে ভিসা ছাড়া স্বল্পমেয়াদি ভ্রমণের সুবিধা পান। ফলে বাকি পাঁচ দেশের ক্ষেত্রেও প্রক্রিয়াটি সফল হলে পুরো জিসিসি অঞ্চলের নাগরিকদের জন্য শেংগেন এলাকায় ভিসামুক্ত ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।
তবে এই উদ্যোগের সঙ্গে জিসিসিভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যে প্রস্তাবিত অভিন্ন পর্যটন ভিসার সম্পর্ক নেই। ওই পরিকল্পনাটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদেশি পর্যটকদের ভ্রমণ সহজ করার জন্য নেওয়া পৃথক উদ্যোগ।



