সৌদিতে লাগেজ হারালে যেভাবে অভিযোগ জানাবেন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় যেসব যাত্রী এখনো তাঁদের লাগেজ ফেরত পাননি, তাঁদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি এয়ারলাইনসের ক্ষতিগ্রস্ত যাত্রীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হারানো লাগেজের অভিযোগ জানাতে পারবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের অনলাইন প্ল্যাটফর্মে ‘Lost Baggage Claim’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগ নিবন্ধন করতে হবে। অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজসংক্রান্ত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত

এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাষ্য, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশোধিত ফ্লাইট সূচি ঘোষণা করা হবে। তবে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

বিকল্প বিমানবন্দর ব্যবহারের সুযোগ

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ কিংবা বাংলাদেশে ফিরতে পারবেন।

সংশ্লিষ্টরা সৌদিগামী যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যাঁদের ট্রানজিট, কর্মস্থলে যোগদান বা ওমরাহ পালনের পরিকল্পনা রয়েছে, তাঁদের যাত্রার পরিকল্পনা নতুন করে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।