সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে নতুন নিয়ম, ফি ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের ভ্রমণের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক ভ্রমণের সুযোগ থাকবে। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।
পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগে প্রতিদিন দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন।
পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণবিষয়ক ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের যাতায়াতের জন্য টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
নতুন চিঠিতে আরো বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
সূত্র: কালের কণ্ঠ



