দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
সরকারি কর্মকর্তাদের দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বাড়াতে পাঁচ দিনের সফরে তুরস্ক যাচ্ছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় এ সফরে জনপ্রশাসন, শিক্ষা, প্রযুক্তি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হবে।
প্রতিনিধিদলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম থাকবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারাও থাকবেন। সফরের সব ব্যয় বহন করবে তুরস্ক সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক গবেষণাগার স্থাপনে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণব্যবস্থায় তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
এ ছাড়া বজ্রপাতে প্রাণহানি কমানো, ভূমিকম্প ও ভূমিধসের আগাম সতর্কবার্তা দেওয়ার প্রযুক্তি এবং রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতা চাওয়া হবে। ঢাকায় তুরস্কের অর্থায়নে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
আগামী ২০ ও ২১ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা হওয়ার কথা রয়েছে। নভেম্বরে প্রতিনিধিদলের সফরে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত হলে পরবর্তী সময়ে সেগুলো বাস্তবায়নে চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের সুযোগ তৈরি হবে।
এদিকে দুই সপ্তাহের প্রশিক্ষণে অংশ নিতে গত রোববার পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার এসব কর্মকর্তা দেশটির ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ নভেম্বরের আদেশ অনুযায়ী, ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১৪ দিনের এ প্রশিক্ষণে ৩৫ জন কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ৩৪ জন অংশ নিয়েছেন বলে পাকিস্তান দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত মে মাসে ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের সিভিল সার্ভিস একাডেমিতে প্রথম দফার প্রশিক্ষণ সম্পন্ন করেন।
পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে সরকারি খাতের ব্যবস্থাপনা, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, প্রকল্প পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন, তথ্যপ্রযুক্তি, কৌশলগত ব্যবস্থাপনা এবং সরকারি চাকরিতে নৈতিকতা ও জবাবদিহির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ, থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যয় পাকিস্তান সরকার বহন করছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, তুরস্ক ও পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে কর্মকর্তারা অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারলে তা দেশের জন্য ইতিবাচক হবে। তাঁর মতে, তুরস্কের প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে কাজে লাগতে পারে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও প্রশিক্ষণ কর্মসূচিকে দুই দেশের প্রাতিষ্ঠানিক ও পেশাগত সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ২০২৬ সালে বাংলাদেশের ১৭০ জন শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শিগগিরই আরও ২০ জন শিক্ষার্থীর সেখানে যাওয়ার কথা রয়েছে।



