হজের খরচ কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ থেকে হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে সরকার। বিশেষ করে বিমান ভাড়া, বিভিন্ন কর-চার্জ এবং আবাসন ব্যয় কমানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সহায়তা কামনা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে হজযাত্রাকে আরও সাশ্রয়ী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রতি বছর এক লাখের বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কিন্তু বিমান ভাড়া, বিভিন্ন চার্জ ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় হাজিদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। এসব ব্যয় কমাতে সৌদি সরকারের সহযোগিতা প্রয়োজন।
জবাবে সৌদি রাষ্ট্রদূত জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বাংলাদেশি হাজিদের জন্য সেবার মান উন্নয়ন এবং হজযাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সৌদি সরকার ইতিবাচকভাবে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্প্রতি ক্যাটাগরি-ডি আবাসন ব্যবস্থা বাতিল হওয়ায় বাংলাদেশি হাজিদের থাকার খরচ বেড়েছে। তিনি এই আবাসন ক্যাটাগরি পুনরায় চালুর অনুরোধ জানান, যাতে হজযাত্রীদের ব্যয় কমানো সম্ভব হয়।
এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
সরকারের আশা, সৌদি আরবের সহযোগিতা পেলে ভবিষ্যতে হজযাত্রার খরচ কমবে এবং বাংলাদেশি হাজিরা তুলনামূলক কম ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারবেন।



