মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুল্যান্সের
অসুস্থ ভারতীয় নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুল্যান্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মারা যাওয়া নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁদের সবার জাতীয়তা ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে।
মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর পাইলট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল এবং অঞ্জনা ভৌমিকের মৃত্যুর প্রকৃত কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



