‘সূর্যাস্তের পর জয় আমাদেরই’, গণনা চলাকালীন কর্মীদের মনোবল জোগাচ্ছেন মমতা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন দলীয় কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি কর্মীদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও মমতা দাবি করেছেন, এটি বিরোধী দলের একটি পরিকল্পিত কৌশল।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা বিজেপির প্ল্যান; প্রথম কয়েক রাউন্ডে ওদের এগিয়ে থাকা আসনগুলো আগে দেখানো হচ্ছে। আমাদের শক্ত ঘাঁটিগুলোর গণনা এখনো বাকি।” তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পর প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কারচুপির চেষ্টা চলছে। কল্যাণীসহ বেশ কিছু জায়গায় ইভিএমে অসংগতির খবর পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।
দলীয় কর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “এখনো ১৪ থেকে ১৮ রাউন্ডের গণনা বাকি। আমি বলছি, সূর্যাস্তের পরে আপনারাই জিতবেন। আপনারা বাঘের বাচ্চার মতো লড়াই করুন, কেউ ভয় পাবেন না। ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’—শেষ পর্যন্ত আমরাই জয়ী হব।”
বিজেপির বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর এবং তৃণমূলের অফিস দখলের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রে এজেন্টদের শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন। ফলাফল যাই হোক, লড়াই থেকে পিছু না হটার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।



