আলোচনায় প্রস্তুত পুতিন, তবে ইইউকে নিতে হবে প্রথম পদক্ষেপ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে ক্রেমলিন। শুক্রবার (৮ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব পক্ষের সঙ্গে সংলাপের জন্য সব সময়ই প্রস্তুত। তবে আলোচনার পরিবেশ তৈরি করতে প্রথম পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়নকেই (ইইউ) নিতে হবে।
ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা মনে করেন, পুতিনের সঙ্গে ইইউ-এর আলোচনার সম্ভাবনা রয়েছে এবং এতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিরও সমর্থন আছে। বর্তমানে ইউক্রেন ইস্যুর আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান ভূমিকা পালন করায় ইউরোপীয় নেতাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, যা তাদের মস্কোর সঙ্গে সরাসরি যোগাযোগের পথে ঠেলে দিচ্ছে।
এ প্রসঙ্গে পেসকভ রয়টার্সকে বলেন, “ইউরোপ যদি এগিয়ে আসতে চায়, রাশিয়া প্রস্তুত। কিন্তু সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ ছিল ব্রাসেলসের, তাই যোগাযোগ পুনরায় শুরু করার দায়িত্বও তাদের।” ২০২২ সালে যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলোই রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছিল বলে দাবি করে ক্রেমলিন।
অন্যদিকে, ইউরোপীয় নেতারা দীর্ঘদিন পুতিনকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছেন। তাদের আশঙ্কা, ইউক্রেনে সফল হলে রাশিয়া পরবর্তীতে ন্যাটোভুক্ত দেশগুলোতেও হামলা চালাতে পারে। তবে মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে ইউক্রেনকে পশ্চিমা সহায়তার কঠোর সমালোচনা করে আসছে।



