তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়: যেভাবে সামলালেন জোটসঙ্গীদের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়ে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে থালাপথি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)। ছোট দলগুলোর সমর্থনে প্রথমবারের মতো দক্ষিণ ভারতের এই রাজ্যে জোট সরকারের নেতৃত্ব দিতে চলেছেন বিজয়। এনডিটিভি জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর বাম দলসহ ছোট ছোট দলগুলো বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
জোটের সমঝোতা অনুযায়ী, বিজয়ের মন্ত্রিসভায় শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। সূত্র মতে, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ১টি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিএম)-এর জন্য রাখা হচ্ছে দুটি পদ। জানা গেছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। অন্যদিকে, কংগ্রেসও নতুন সরকারে দুটি মন্ত্রী পদের আশা করছে।
এর আগে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এক ঘোষণায় জানিয়েছিলেন, ছোট দলগুলো চাইলে তাদের নিজস্ব বিবেচনায় বিজয়কে সমর্থন দিতে পারে। স্ট্যালিনের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকে-র সঙ্গে হাত মেলায়। মূলত গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের ভাগ নিশ্চিত করেই জোটসঙ্গীদের ক্ষোভ ও দাবি সামলে সরকার গঠন নিশ্চিত করলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়।



