জ্বালানি তেলের দাম নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের তোপ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফেরানোর নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে বক্তব্য দিচ্ছে, তা ‘মহামিথ্যা’ বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের অভিযোগ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অবৈধ যুদ্ধকে বৈধতা দিতেই নতুন করে এই প্রচারণা চালানো হচ্ছে।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধংদেহী ও বেপরোয়া নীতির কারণেই সম্ভাবনাময় কূটনৈতিক প্রক্রিয়া ভেঙে পড়েছে।
বাঘায়ি অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে ওয়াশিংটন ও তেলআবিব গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোকে ইচ্ছাকৃতভাবে অনিরাপদ করে তুলেছে। অথচ এখন তারাই আবার আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করছে।
তিনি আরও বলেন, “অন্যের বিরুদ্ধে সেই কাজের অভিযোগ তোলা, যা নিজেরাই করছে”— এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পুরোনো কৌশল। সংকট সৃষ্টি করে পরে শান্তি ও স্থিতিশীলতার নামে আরও আগ্রাসন চালানোই তাদের পরিচিত নীতি বলেও মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যে রোমান ঐতিহাসিক ও রাজনীতিক Tacitus–এর একটি বিখ্যাত উদ্ধৃতিও তুলে ধরেন ইরানি মুখপাত্র। উদ্ধৃতিতে বলা হয়, “তারা ধ্বংসস্তূপ সৃষ্টি করে, তারপর সেটাকেই শান্তি বলে।”
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের এ প্রতিক্রিয়া এলো। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত এই প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে।
সূত্র: Press TV



