ইতালিতে পথচারীদের ওপর গাড়ি তুলে হামলা, ৮ জন আহত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
ইতালির উত্তরাঞ্চলীয় শহর মদেনায় এক ভয়াবহ ঘটনায় দ্রুতগতির একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গেলে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটে শহরের ঐতিহাসিক ক্যাথেড্রালের পাশের ভিয়া এমিলিয়া সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে ফুটপাতে উঠে পড়ে এবং একটি দোকানের কাচে ধাক্কা দেয়। এরপর চালক গাড়ি থেকে নেমে ছুরি হাতে এক পথচারীর ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে হামলাকারীকে আটক করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩১ বছর বয়সী মরক্কান বংশোদ্ভূত ইতালীয় নাগরিক।
আহতদের মধ্যে একজন নারীর দুই পা কেটে ফেলতে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ঘটনার পর তিনি পূর্বনির্ধারিত সাইপ্রাস সফর বাতিল করে হাসপাতালে আহতদের দেখতে যান।
মদেনার মেয়র মাসিমো মেজেত্তি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইচ্ছাকৃত হামলা ছিল, যেখানে পথচারীদের লক্ষ্য করে গাড়ি উঠিয়ে দেওয়া হয়।
ইতালির উপ-প্রধানমন্ত্রী ও লীগ পার্টির নেতা মাত্তেও সালভিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযুক্তকে নিয়ে মন্তব্য করেন এবং তাকে ‘দ্বিতীয় প্রজন্মের অপরাধী’ বলে উল্লেখ করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অর্থনীতিতে স্নাতক হলেও বর্তমানে বেকার ছিলেন এবং তার বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।



