অর্থ সংকটে গাজায় খাদ্য সহায়তা কমাচ্ছে ডব্লিউসিকে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, অর্থ সংকটের কারণে আগামী কয়েক মাসে গাজায় খাদ্য সহায়তা কার্যক্রম কমিয়ে আনা হবে। সংস্থাটি বলছে, দীর্ঘ সময় ধরে গাজার বিপুলসংখ্যক মানুষের খাদ্য চাহিদা একক কোনো সংস্থার পক্ষে বহন করা সম্ভব নয়।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা ধীরে ধীরে যুদ্ধবিরতির আগের সময়ের মতো সীমিত পরিসরে খাদ্য বিতরণে ফিরে যাবে। ফলে আগের তুলনায় কম খাবার সরবরাহ করা হবে।

তবে সংস্থাটি স্পষ্ট করে বলেছে, এই সিদ্ধান্তের অর্থ গাজার মানুষের প্রয়োজন কমে গেছে তা নয়। বরং অর্থনৈতিক চাপই তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য করছে।

ডব্লিউসিকে জানায়, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা সেখানে খাদ্য সহায়তায় ৫০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। সেই সময় প্রতিদিন প্রায় ১০ লাখ গরম খাবার বিতরণ করা হতো।

সংস্থাটি আরও জানায়, যুদ্ধ ও অবরোধের কারণে খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় তারা জরুরি ভিত্তিতে কার্যক্রম সম্প্রসারণ করেছিল। কিন্তু এত বড় পরিসরে দীর্ঘদিন কাজ চালিয়ে যাওয়া কোনো একক বেসরকারি সংস্থার পক্ষে সম্ভব নয়।

এদিকে গাজায় চলমান মানবিক সংকট কিছুটা পরিবর্তিত হলেও পরিস্থিতি এখনো গুরুতর। খাবার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়ে গেছে, এবং অনেক পরিবার এখনো নিয়মিত খাদ্য পাচ্ছে না বলে বিভিন্ন সহায়তা সংস্থা জানিয়েছে।