হরমুজ অবরোধের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত উপসাগরীয় দেশগুলো
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সব দেশকেই ভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত করছে বলে জানিয়েছেন জ্বালানি ও বৈশ্বিক বিষয়ক বিশ্লেষক আনাস আবদাউন।
শুক্রবার (২২ মে) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাতার, কুয়েত ও বাহরাইন পুরোপুরি হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে ইরানের নিয়ন্ত্রণ তাদের জ্বালানি রপ্তানি ও অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে।
অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আংশিকভাবে বিকল্প রুট ব্যবহার করতে পারছে। সৌদি আরব লোহিত সাগরের বন্দর এবং আমিরাত ফুজাইরাহ বন্দর ব্যবহার করে কিছুটা চাপ সামাল দিচ্ছে।
তবে বিশ্লেষক আনাস আবদাউন সতর্ক করে বলেন, কিছু দেশের আর্থিক সুরক্ষা ও বিকল্প ব্যবস্থা থাকলেও বাস্তবে কেউই পুরোপুরি নিরাপদ নয়।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা ও সংঘাত এড়ানোর বিষয়ে জিসিসি দেশগুলো একমত হলেও ইরানকে ঘিরে তাদের কৌশলে বড় বিভাজন রয়েছে।
তার মতে, সৌদি আরব ও কাতার নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করতে চায়। বিপরীতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বেশি ঘনিষ্ঠ অবস্থান নিয়েছে এবং তারা ইরানকে এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনীতির জন্য স্থায়ী হুমকি হিসেবে দেখে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের মধ্যে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। তবে স্থায়ী শান্তিচুক্তি নিয়ে এখনো বড় কোনো অগ্রগতি হয়নি। হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আলোচনার সবচেয়ে জটিল বিষয় হয়ে রয়েছে।



