কোয়েটায় শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি মানুষ। আজ রবিবার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফটকের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্মকর্তাদের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, ট্রেনের কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায় এবং আশপাশের বাড়িঘর ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় সংলগ্ন ভবনগুলোর জানালার কাঁচ ভেঙে পড়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য দ্রুত রেসকিউ ট্রাক ও একটি ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্থানীয় চিকিৎসকদের বরাতে জানিয়েছে, আহত ৩০ জনেরও বেশি মানুষকে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে তারা এই ‘ফিদায়ী’ বা আত্মঘাতী হামলাটি চালিয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো হতাহতদের চূড়ান্ত সংখ্যা এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট ধরন সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।