অভিজ্ঞতা ছাড়াই মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন গৃহায়ণ কর্মকর্তা বিল পুল্টি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুল্টিকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) তিনি এই ঘোষণা দেন।
বিল পুল্টি বর্তমানে যুক্তরাষ্ট্রের আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি’ (এফএইচএফএ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গোয়েন্দা কার্যক্রমে পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এই বিশ্বস্ত রাজনৈতিক মিত্রের ওপরই দেশের ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকির শীর্ষ পদের দায়িত্ব অর্পণ করেছেন।
কেন এই পরিবর্তন?
গত মাসে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, তাঁর স্বামীর এক বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় পরিবারের পাশে থাকতে এবং দেখাশোনার জন্য তিনি প্রশাসন ছেড়ে যাচ্ছেন। গ্যাবার্ড তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছিলেন যে তিনি আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করতে চান। এর পরই ট্রাম্প তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বিল পুল্টিকে বেছে নেন।
ট্রাম্পের যুক্তি ও পুল্টির রাজনৈতিক অবস্থান
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন— বিল পুল্টির যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে বাজারের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তদারকির দায়িত্ব সফলভাবে পালন করছেন।
ট্রাম্প আরও জানান, জাতীয় গোয়েন্দা প্রধানের নতুন দায়িত্বের পাশাপাশি পুল্টি আগের মতোই ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করে যাবেন। এই দুটি সরকারি সমর্থিত সংস্থা মূলত মার্কিন নাগরিকদের বাড়ি কেনা এবং আবাসন ঋণ (মর্টগেজ) ব্যবস্থাকে সহায়তা করে থাকে।
উল্লেখ্য, বিল পুল্টি অতীতে তৎকালীন ফেডারেল রিজার্ভ প্রধান জেরোম এইচ. পাওয়েলকে পদ থেকে সরানোর পক্ষে জোরালো অবস্থান নিয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এ ছাড়া তিনি ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আবাসন ঋণ জালিয়াতির অভিযোগ তুলেও আলোচনায় এসেছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক দেশের সিআইএ, এনএসএ-সহ মোট ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন এবং সরাসরি প্রেসিডেন্টকে রিপোর্ট করেন। তবে তিনি নিজে সরাসরি কোনো গোপন গোয়েন্দা অভিযান পরিচালনা করেন না। গোয়েন্দা খাতের অভিজ্ঞতা ছাড়াই এমন একটি স্পর্শকাতর পদে বিল পুল্টির অন্তর্ভুক্তি মার্কিন রাজনীতি ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



