ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘উন্মাদ’ বলেছিলেন—এমন কথা এবার নিজেই স্বীকার করেছেন।
এক সাক্ষাৎকারে ট্রাম্পকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি সত্যিই নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলেছিলেন কি না এবং তাকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেছিলেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি বলেছিলাম। তবে এটা রাগের কারণে নয়, লেবাননে চলমান হামলা ও যুদ্ধ পরিস্থিতি আমাকে বিরক্ত করেছিল।”
তিনি আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।
এর আগে ‘অ্যাক্সিওস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন—“তুমি একটা আস্ত উন্মাদ। আমি না থাকলে তুমি এখন জেলে থাকতে। সবাই এখন তোমাকে ঘৃণা করছে।”
তবে এই বক্তব্যের বিস্তারিত অংশ নিয়ে সরাসরি মন্তব্য করেননি নেতানিয়াহু। তিনি শুধু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য এক, যদিও কিছু কৌশলগত বিষয়ে মতপার্থক্য রয়েছে।
এদিকে লেবানন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এই ফোনালাপ ও মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে কঠোর অবস্থানের কারণেই তিনি আগেও ওবামা প্রশাসনের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কূটনৈতিক উত্তপ্ত বাক্যবিনিময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



