১৪টি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

জাতিগত বিদ্বেষ ও বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার। শনিবার (৬ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) ‘অনলাইন ক্রিমিনাল হার্মস অ্যাক্ট ২০২৩’-এর আওতায় ইউটিউব, ফেসবুক ও এক্স কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেয়।

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে দেখা গেছে উস্কানিমূলক এসব বিষয়বস্তু মূলত চীনভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তৈরি ও প্রচার করা হয়েছিল। পুলিশের ধারণা, বিদেশ থেকে পরিকল্পিতভাবে সিঙ্গাপুরে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করা হচ্ছিল।

বিতর্কিত পোস্টগুলোতে প্রধানত ভারতীয় বংশোদ্ভূতদের লক্ষ্যবস্তু করা হয়। সেখানে দাবি করা হয়, সিঙ্গাপুরে ভারতীয়দের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেশটির বহুসাংস্কৃতিক সহাবস্থানের নীতি কেবল আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরির একটি কৌশল।

এ ছাড়া ভারতীয় প্রবাসী শ্রমিকদের নিয়ে অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্যও করা হয়। অভিযোগ রয়েছে, এসব বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে সপ্তাহান্তে ‘লিটল ইন্ডিয়া’ এলাকার ব্যস্ত সড়কের ছবি এবং একটি ধর্মীয় উৎসবের ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দেশটির দণ্ডবিধির ২৯৮এ ধারার অধীনে অপরাধ। ওই ধারায় জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে শত্রুতা, বিদ্বেষ বা ঘৃণা ছড়ানো নিষিদ্ধ।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালে প্রণীত ‘অনলাইন ক্রিমিনাল হার্মস অ্যাক্ট’-এর মাধ্যমে ক্ষতিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে কর্তৃপক্ষ। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করেই সংশ্লিষ্ট পোস্ট বা বিষয়বস্তু অপসারণ কিংবা ব্লক করার নির্দেশ দেওয়া সম্ভব হচ্ছে।

এক বিবৃতিতে এমএইচএ উগ্র জাতীয়তাবাদ, বিদেশভীতি ও জাতিগত বিদ্বেষমূলক প্রচারণার নিন্দা জানিয়ে বলেছে, সিঙ্গাপুরের সামাজিক সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে অনলাইনে প্রচারিত তথ্য যাচাই-বাছাই করে গ্রহণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।