শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

ভারতে বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

রোববার (৭ জুন) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার এমআইডিসি ওয়ালুজ এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।

অভিজিৎ দীপকে দাবি করেন, দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নেন, যা আন্দোলনের প্রতি ব্যাপক জনসমর্থনের ইঙ্গিত দেয়।

তিনি বলেন, “শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে এক পা-ও পিছিয়ে যাব না।” একই সঙ্গে তিনি আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

এর আগে শনিবার ককরোচ জনতা পার্টির ব্যানারে শত শত বিক্ষোভকারী নয়াদিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগানও দেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহ সময় দেবে। এই সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীকে অপসারণ বা পদত্যাগ না করা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।