১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাতের আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার প্রধানমন্ত্রীর সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে প্রধানমন্ত্রী সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।
মন্ত্রী জানান, বর্তমান সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এছাড়া দীর্ঘদিনের প্রতিক্ষিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত আসছে এবং এটি একনেক সভায় অনুমোদনের জন্য পেশ করা হবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীপ্রবাহ ও কৃষি রক্ষায় মাইলফলক হয়ে দাঁড়াবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের জরুরি কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার এই প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী।



