জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। জামায়াত আমিরের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকার শেষে তিনি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষই দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।



