ট্রাম্পের ইরান যুদ্ধক্ষমতা সীমিতের বিল অনুমোদন মার্কিন সিনেটে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ইরান যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। প্রস্তাব অনুযায়ী, কংগ্রেসের সমর্থন ছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন না প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পরবর্তী ধাপে নেওয়ার পক্ষে ভোট পড়ে ৫০টি, বিপক্ষে ৪৭টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চারজন সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে এটি এখনো চূড়ান্তভাবে পাস হয়নি।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরানে হামলা শুরুর প্রায় ৮০ দিন পর রিপাবলিকান প্রেসিডেন্টের প্রতি এটি একটি বিরল রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তাবটির মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে না রাখার দাবি জানানো হয়েছে। সমর্থকদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতেই থাকা উচিত।

সিনেটে অনুমোদনের পর এখন এটি প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে।

প্রস্তাবটির উত্থাপক ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা কংগ্রেসে বিষয়টি উত্থাপনের উপযুক্ত সময় তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, তেহরানের পক্ষ থেকে আসা শান্তি ও কূটনৈতিক সমাধানের প্রস্তাব প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের সঙ্গে আলোচনা ছাড়াই প্রত্যাখ্যান করেছেন।

এর আগে চলতি বছরে সিনেটে এ ধরনের সাতটি প্রস্তাব রিপাবলিকানরা আটকে দেয়। প্রতিনিধি পরিষদেও তিনটি অনুরূপ প্রস্তাব অল্প ব্যবধানে নাকচ হয়েছিল।

ভোটে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান একমাত্র ডেমোক্র্যাট হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।

অন্যদিকে রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মুরকোস্কি এবং বিল ক্যাসিডি প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

গত ১ মে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে। তবে এরপরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি জাহাজে হামলা ও বন্দর অবরোধ চালানোর অভিযোগ রয়েছে। একইসঙ্গে ইরানও হরমুজ প্রণালি অবরোধ এবং মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৭৩ সালের মার্কিন ‘ওয়ার পাওয়ারস আইন’ অনুযায়ী, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হয় অথবা সেনা প্রত্যাহারের জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় চাইতে হয়।

ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানও মনে করছেন, দীর্ঘমেয়াদি সংঘাতে জড়ানোর আগে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল। তবে হোয়াইট হাউস ও ট্রাম্পপন্থি রিপাবলিকানরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় প্রধান সেনাপতি হিসেবে সীমিত সামরিক অভিযান পরিচালনার সাংবিধানিক অধিকার প্রেসিডেন্টের রয়েছে।