ঢাকায় ফিরছে মানুষ, তবে নেই চিরচেনা সেই ভিড়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলে যাচ্ছে। ফলে নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে চিরচেনা যানজট আর উপচে পড়া ভিড়ের রাজধানী এখনও বেশ শান্ত। বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রীদের তেমন কোনো চাপ চোখে পড়েনি।

রোববার (৩১ মে) রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক।

পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ঈদের পরপরই সবাই একসঙ্গে ঢাকায় না ফেরায় রাস্তায় এবং টার্মিনালে চাপ কম। পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজধানী আবার তার ব্যস্ত রূপে ফিরবে বলে আশা করা হচ্ছে।

“ঈদের আগে যাওয়ার সময় যে ভিড় আর ভোগান্তি ছিল, ফেরার সময় তেমনটা পাইনি। বাসেও খুব বেশি চাপ ছিল না, বেশ আরামেই চলে এসেছি।” — ইমরান হোসেন, বেসরকারি চাকরিজীবী (বরিশাল থেকে আগত)

গোপালগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, অনেকেই এখনও গ্রামেই অবস্থান করছেন, যার কারণে ভিড় কম। তবে আগামী দুই-একদিনের মধ্যে ঢাকায় মানুষের চাপ বাড়বে বলে তিনি মনে করেন।

একই চিত্র দেখা গেছে সায়েদাবাদ বাস টার্মিনালেও। সেখানে কর্মরত বাইক রাইডার হাবিব রহমান বলেন, “সকাল থেকে দেখছি মানুষ ধীরে ধীরে ঢাকায় আসছে। তবে এখনও কোনো চাপ নেই। চলতি সপ্তাহজুড়েই মানুষ ফিরবে। আমার মনে হয়, আগামী সপ্তাহ থেকে ঢাকা আবার তার চিরচেনা রূপ ধারণ করবে।”

এদিকে রাস্তা ফাঁকা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনে আসা ব্যবসায়ী নাফিজ আহমেদ বলেন, “এই সময়টায় ফেরাটা খুব ভালো হয়েছে। রাস্তা ফাঁকা থাকায় কোনো যানজটে পড়তে হয়নি, খুব দ্রুতই ঢাকায় পৌঁছাতে পেরেছি।”

কুমিল্লা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন আলম জানান, সামনে পরীক্ষা থাকায় একটু আগেই চলে এসেছেন। বাড়ি যাওয়ার সময় তীব্র যানজটে পড়তে হলেও, আজ ঢাকায় ফেরার পথে কোনো ধরনের কষ্ট পোহাতে হয়নি।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সোমবার থেকে অফিস-আদালত পুরোপুরি চালু হলে এবং ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুললে রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ আরও বাড়বে। তখন হয়তো আবারও চেনা যানজটে ফিরবে ঢাকা।