মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর নিয়ে এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধন শিখতে কর্মকর্তাদের ফ্লোরিডা যাওয়ার চেয়ে দেশের ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ‘Valent BioSciences LLC’-এর অর্থায়নে চসিক মেয়র ও কর্মকর্তাদের ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত এই সফরের মূল উদ্দেশ্য ছিল ফ্লোরিডায় মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা।
তবে এই ফাইল পর্যালোচনার পর সফর প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন:
“মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এটিকে সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ সফরের প্রবণতা রোধ ও জনস্বার্থের বিষয়টি নতুনভাবে বিবেচনার একটি কঠোর বার্তা হিসেবে গণ্য করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর প্রস্তাবিত সফরটি বাতিল হতে যাচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্থানীয় সরকার বিভাগ।



