যুক্তরাষ্ট্রে উৎসবে গোলাগুলি, আহত ১২

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টোলেডো শহরে একটি ঐতিহ্যবাহী উৎসবে দুই বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার (৬ জুন) ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল চলাকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

টোলেডো পুলিশ জানিয়েছে, বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে উৎসবস্থলের কাছে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুই ব্যক্তির মধ্যে বন্দুকযুদ্ধের জেরেই এ হতাহতের ঘটনা ঘটে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করতে তদন্তকারীরা কাজ করছেন।

টোলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনেন বলেন, ঘটনার পরপরই তদন্ত জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ লেফটেন্যান্ট ড্যান গার্কেন সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক অপরাধের ঘটনাস্থল দেখেছেন, তবে এ ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহগুলোর একটি।

টোলেডোর জননিরাপত্তা পরিচালক জর্জ ক্রাল হামলার সময় ধারণ করা কোনো ভিডিও বা ফুটেজ থাকলে তা পুলিশের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল শহরের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী আয়োজন। এমন একটি উৎসবে এ ধরনের সহিংসতা অত্যন্ত দুঃখজনক।

এদিকে ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৭১টি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে।