আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় তিনি আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানান।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ প্রশংসা ও ধন্যবাদ জানান বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, আসামি শনাক্তকরণ এবং গ্রেপ্তারের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ গ্রহণ সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলাটির বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইনে উপযুক্ত শাস্তি পাবে। তিনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভবিষ্যতেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রশংসা করেন এবং অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।