আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পদায়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় একজন উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক।
অভিযুক্ত অন্য কর্মকর্তারা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ।
দুদক সূত্র জানায়, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করে নতুনভাবে পদায়নের ক্ষেত্রে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতিতে দেড় কোটি টাকার দুর্নীতি এবং পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পছন্দের জায়গায় পদায়নের ক্ষেত্রে আরও দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, বদলি, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম এবং আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পোস্টিং বা পদায়নের অভিযোগগুলোই অনুসন্ধানের আওতায় রয়েছে।
তবে অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা, সংশ্লিষ্টদের ভূমিকা এবং আর্থিক অনিয়মের প্রকৃত পরিমাণ যাচাই করা হবে।



