নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের জন্য শতভাগ স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। ‘ফালাক সুফি স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, উপবৃত্তি, নিবন্ধন ও সার্ভিস ফি এবং স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। এ বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের অধীনে নিয়ার ইস্টার্ন স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশগুলোর এমন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবেদনে গুরুত্ব দেওয়া হয়।
বৃত্তিতে যেসব সুবিধা মিলবে
ফালাক সুফি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন—
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
- দুই বছরের জন্য ন্যূনতম ৩৭ হাজার ১৩২ ডলার উপবৃত্তি।
- দুই বছরের নিবন্ধন ও সার্ভিস ফি।
- স্বাস্থ্যবিমার সুবিধা।
ফালাক সুফি স্কলারশিপের পটভূমি
ফালাক সুফি ১৯৮৩ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। উদারতা এবং নিজের কাজের মাধ্যমে বিশ্বে পরিবর্তন আনার দৃঢ় প্রত্যয়ের জন্য তিনি পরিচিত ছিলেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
গবেষণা, কাজ ও শিক্ষার প্রতি নিষ্ঠার কারণে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কেভরকিয়ান সেন্টারে নিয়ার ইস্টার্ন স্টাডিজের শিক্ষার্থী হিসেবে তিনি প্রশংসিত হন। ২০০৮ সালে নিউইয়র্কে তাঁর মৃত্যু হয়।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১০ সালে এ স্কলারশিপ চালু করা হয়। দক্ষিণ এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশগুলোর শিক্ষার্থীদের আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়াই এ বৃত্তির মূল লক্ষ্য।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের আগ্রহী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
- জীবনবৃত্তান্ত (সিভি)।
- পাসপোর্টের কপি।
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের কপি।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ওয়েবসাইট দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৭।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন।



